আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক নেতা অংশ নেন।
মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙতে দেবেন না।’
দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টা থেকে তিনি প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ক্রমান্বয়ে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।
বৈঠকের শেষ দিকে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা দিক বিবেচনায় প্রার্থী বাছাই করা হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে থেকে সবাইকে কাজ করতে হবে—তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে।’ তিনি আরও বলেন, ‘প্রার্থী ঘোষণার পর প্রত্যেকে নিজ আসনে গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী কার্যক্রম চালাতে হবে। স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া কোনো নির্বাচনী লড়াই সম্ভব নয়।’

একটি মন্তব্য পোস্ট করুন