মানসিক প্রতিবন্ধী শ্বশুরের কোপে পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

শীর্ষ সংবাদ

মানসিক প্রতিবন্ধী শ্বশুরের কোপে পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

 মানসিক প্রতিবন্ধী শ্বশুরের কোপে পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু


ঝিনাইদহের শৈলকূপায় ভয়াবহ এক ঘটনায় শ্বশুরের বঁটির কোপে প্রাণ হারিয়েছেন এক পুত্রবধূ। রোববার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লিমা খাতুন (২৫) তিনি ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে লিমা খাতুন ঘর থেকে বের হন। এসময় তার মানসিক প্রতিবন্ধী শ্বশুর মুকুল শেখ হঠাৎ ধারালো বঁটি দিয়ে তাকে আঘাত করেন। লিমা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ‘গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে লিমা খাতুন মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, অভিযুক্ত মুকুল শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবার থেকেও তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Post a Comment

নবীনতর পূর্বতন